আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : মঙ্গলবার ২৯শে সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
সংগৃহীত
তরুণদের দক্ষতা, জ্ঞান ও নেতৃত্বের সক্ষমতা কাজে লাগিয়ে দেশ গড়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের উদ্যোগে আয়োজিত ‘Graduation Ceremony-2026’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, ‘এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। এই যুদ্ধ কোনো অস্ত্রের যুদ্ধ নয়; এটি একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার যুদ্ধ। দেশের বিপুল জনগোষ্ঠীর জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করাই তরুণদের সামনে সবচেয়ে বড় দায়িত্ব।’
বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের প্রশিক্ষণ ও নেতৃত্ব উন্নয়ন কার্যক্রম তরুণদের ভবিষ্যতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করছে উল্লেখ করে আবদুল মঈন খান বলেন, এই প্রশিক্ষণ দেশ গড়ার বৃহত্তর দায়িত্ব পালনের প্রস্তুতির অংশ।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস তরুণদের আত্মত্যাগ ও অবদানে সমৃদ্ধ। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা অর্জন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার বিভিন্ন পর্যায়ে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণেও তাদের এগিয়ে আসতে হবে।
প্রশিক্ষণ শেষে গ্র্যাজুয়েশন অর্জন করা তরুণদের উদ্দেশে মন্ত্রী বলেন, তাদের জীবনের একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে নিজেদের জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা কাজে লাগাতে হবে।
তিনি বলেন, ‘আপনাদের সামনে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত হতে হবে। দেশের জন্য, মানুষের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য আপনাদের কাজ করতে হবে।’
অনুষ্ঠানে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের কর্মকর্তা, প্রশিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।