পাকিস্তানে মসজিদের কাছে বোমা হামলায় নিহত ১৬, আহত অর্ধশতাধিক

পাকিস্তানে মসজিদের কাছে বোমা হামলায় নিহত ১৬, আহত অর্ধশতাধিক

সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদের কাছে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় পুলিশ সদর দপ্তরের কাছে এ হামলার ঘটনা ঘটে। খবর আলজাজিরার।

কোহাটের জেলা সদর হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পর হাসপাতালে ১৬টি মরদেহ এবং ৫০ জনের বেশি আহত ব্যক্তিকে নেওয়া হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খাইবার পাখতুনখাওয়ার পুলিশপ্রধান জুলফিকার হামিদ জানান, বিস্ফোরকভর্তি একটি গাড়ি পুরোনো পুলিশ লাইনসের ফটকে ধাক্কা দেওয়ার পর বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর ঘটনাস্থলে গোলাগুলিও শুরু হয়।

পুলিশপ্রধানের ভাষ্য অনুযায়ী, পুলিশের সঙ্গে হামলাকারীদের বন্দুকযুদ্ধ চলার সময় স্পেশাল ব্রাঞ্চ ভবনের কাছেও আরেকটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। বন্দুকযুদ্ধে এখন পর্যন্ত তিন হামলাকারী নিহত হয়েছেন বলে জানান তিনি। তবে হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করেনি।

জুলফিকার হামিদ বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে খাইবার পাখতুনখাওয়ার পুলিশ ‘লোহার দেয়ালের মতো’ দাঁড়িয়ে আছে। এ ধরনের হামলা পুলিশ সদস্যদের মনোবল ভেঙে দিতে পারবে না। নিহতদের রক্ত বৃথা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। হামলাকারী ও তাদের সহযোগীদের এর পরিণতি ভোগ করতে হবে বলে জানান পুলিশপ্রধান।

বিস্ফোরণে মসজিদের বাইরের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি দেয়ালও ধসে পড়েছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। হামলার পর কোহাট-হাঙ্গু সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

আহতদের চিকিৎসায় কোহাটের জেলা সদর হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের সেখানে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কেন্দ্রীয় পুলিশ কার্যালয় জানিয়েছে, ঘটনার বিষয়ে কোহাটের আঞ্চলিক পুলিশ কর্মকর্তার কাছে প্রতিবেদন চেয়েছেন আইজি হামিদ। বিস্ফোরণের ধরন এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

জুমার নামাজের সময় পুলিশ সদর দপ্তরের কাছে এ হামলার ঘটনায় কোহাটজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।