আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : সোমবার ২১শে সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
সংগৃহীত
সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণ বিনিময়ে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার করেছে বাংলাদেশ ও চীন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা, সাইবার অপরাধ দমন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতে ইয়াও ওয়েন জানান, আগামী অক্টোবরের শুরুতে তাঁর দায়িত্বের মেয়াদ শেষ হবে এবং এরপর তিনি বাংলাদেশ ত্যাগ করবেন। এ সময় তিনি চীনের জননিরাপত্তামন্ত্রীর পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে চীনে একটি জননিরাপত্তা বিষয়ক ফোরামে অংশ নিতে সালাহউদ্দিন আহমদকে আমন্ত্রণ জানান তিনি। ওই ফোরামে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকেরও সুযোগ থাকবে।
বৈঠকে সাইবার অপরাধ মোকাবিলা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন উভয় পক্ষ। রাষ্ট্রদূত জানান, গত দুই বছরে চীন বাংলাদেশের শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যকে সাইবার অপরাধ, জননিরাপত্তা ব্যবস্থাপনা, ট্রাফিক ও পরিবহন ব্যবস্থাপনা, অভিবাসন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে।
চীনের এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ পুলিশে একটি বিশেষায়িত সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং এ খাতে প্রয়োজনীয় অবকাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি থানা, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব স্থাপনের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
সাইবার অপরাধ প্রতিরোধে প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময়ের জন্য চীনে বিশেষজ্ঞ দল পাঠানোর বিষয়েও আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ থেকে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীনে পাঠানোর কথা জানানো হয়। দলটি চীনের সাইবার ও ডিজিটাল ফরেনসিক ল্যাব পরিদর্শন করে প্রযুক্তি ও সরঞ্জাম সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করবে এবং দেশে এসব ল্যাব ও সরঞ্জাম স্থাপনের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব তৈরি করবে।
বৈঠকে ইয়াও ওয়েন বাংলাদেশে কর্মরত চীনা নাগরিক, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের অন্যতম প্রধান কৌশলগত উন্নয়ন অংশীদার। বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিক, ব্যবসায়ী ও উন্নয়ন প্রকল্পের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
বৈঠকে আইজিপি মো. আলী হোসেন ফকির, অতিরিক্ত আইজিপি ও সিআইডি প্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।