আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : মঙ্গলবার ১লা সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
৪৮ বছরে বিএনপি: প্রতিষ্ঠা থেকে রাষ্ট্রক্ষমতায়
দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি আজ ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত দলটি দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় নানা আন্দোলন, সংকট ও ঘাত-প্রতিঘাত পেরিয়ে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে।
প্রতিষ্ঠার সময় জাতীয় প্রয়োজন, অর্থনৈতিক উন্নয়ন, গণতন্ত্র, জাতীয় ঐক্য ও জনগণের স্বনির্ভরতার ওপর গুরুত্ব দেওয়া হয়। দলের রাজনৈতিক দর্শনের অন্যতম ভিত্তি ছিল ১৯ দফা কর্মসূচি। গণতন্ত্র, জাতীয়তাবাদ, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার এবং আল্লাহর ওপর অবিচল বিশ্বাসকে দলীয় আদর্শের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা হয়।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হওয়ার পর দলটির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তাঁর সহধর্মিণী খালেদা জিয়া। তাঁর নেতৃত্বে বিএনপি এরশাদবিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠে। এ সময় খালেদা জিয়া ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি লাভ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রতিষ্ঠার পর থেকেই নানা রাজনৈতিক সংকট ও আন্দোলনের মধ্য দিয়ে এগিয়েছে বিএনপি। বিভিন্ন সময়ে দলটির নেতাকর্মীরা মামলা, গ্রেপ্তার, হামলা ও রাজনৈতিক চাপের মুখোমুখি হয়েছেন। দলটির নেতারা মনে করেন, এসব প্রতিকূলতার মধ্যেও বিএনপি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রেখেছে।
২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানেও বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়। দলটির ভাষ্য অনুযায়ী, তৎকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলনে বিএনপির বহু নেতাকর্মী অংশ নেন এবং অনেকে প্রাণ হারান।
প্রায় পাঁচ দশকের রাজনৈতিক যাত্রায় বিএনপি কয়েকবার রাষ্ট্রক্ষমতায় এসেছে। দলটির প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ছিল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের জীবনমানের পরিবর্তন। বর্তমান নেতৃত্বও রাষ্ট্র সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের কথা বলছে।
দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ—জনগণের প্রত্যাশা পূরণ, সুশাসন নিশ্চিত করা, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা।
দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা উত্থান-পতনের মধ্য দিয়ে বিএনপি আজ দেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে অবস্থান করছে। প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্তিতে দলটির সামনে এখন নতুন দায়িত্ব—রাজনীতির অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটানো।