বান্দরবানকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরী করতে চাই: পার্বত্য মন্ত্রী

বান্দরবানকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরী করতে চাই: পার্বত্য মন্ত্রী

সংগৃহীত

বান্দরবান শহরকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বান্দরবান পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। শহরের পরিচ্ছন্নতা, সড়ক সংস্কার, অবৈধ স্থাপনা উচ্ছেদ, যানজট নিরসন এবং পর্যটক ও স্থানীয়দের নাগরিক সুবিধা বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দেন মন্ত্রী।

পরিদর্শনকালে ফায়ার সার্ভিস ও হাসপাতাল রোডসংলগ্ন সড়কের খানাখন্দ ও ভগ্নদশা দেখে তা দ্রুত মেরামতের নির্দেশ দেন সাচিং প্রু।

এ ছাড়া ৩ নম্বর ওয়ার্ডের কালাঘাটা এলাকার চৌরাস্তা সংলগ্ন বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও আগাছা দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এসব স্থান দ্রুত পরিষ্কারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।

শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সরকারি খাসজমি ও সড়কের ওপর অবৈধভাবে গড়ে ওঠা উচ্ছেদযোগ্য স্থাপনা দ্রুত অপসারণ করে সরকারি জায়গা দখলমুক্ত করার নির্দেশ দেন তিনি। এ বিষয়ে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

পরে মন্ত্রী পৌরসভার রোয়াংছড়ি বাস টার্মিনাল এলাকা পরিদর্শন করেন। সেখানে সুপেয় পানির সংকট, অপরিচ্ছন্ন পরিবেশ, নিম্নমানের যাত্রীসেবা ও সামগ্রিক অব্যবস্থাপনা দেখে তিনি দুঃখ প্রকাশ করেন। যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

পর্যটক ও স্থানীয়দের সুবিধার্থে প্রধান ডাকঘরের কাছে থানচি বাসস্ট্যান্ড এবং রুমা বাস টার্মিনালসংলগ্ন পৃথক দুটি স্থানে আধুনিক ও পরিচ্ছন্ন পাবলিক টয়লেট নির্মাণের নির্দেশও দেওয়া হয়।

পরিদর্শনকালে বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এস এম মনজুরুল হক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াসিন আরাফাতসহ জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি সংস্থা ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সাচিং প্রু বলেন, সরকারের সঠিক পরিকল্পনা ও স্থানীয় জনগণের সর্বাত্মক সহযোগিতায় দ্রুত বান্দরবান একটি পরিচ্ছন্ন, সুসংগঠিত ও মডেল পর্যটন নগরী হিসেবে গড়ে উঠবে।