জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান, জিয়া পরিবারের তৃতীয় সদস্য

জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান, জিয়া পরিবারের তৃতীয় সদস্য

সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আগামী ২৪ সেপ্টেম্বর ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এটি হবে জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চে তাঁর প্রথম ভাষণ। এর মধ্য দিয়ে জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য দিতে যাচ্ছেন তিনি।

এর আগে তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে ভাষণ দেন। আর তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৩ সালের ১ অক্টোবর সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে প্রথমবার বক্তব্য দেন।

জিয়াউর রহমান তাঁর ১৯৮০ সালের ভাষণে ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে বৈষম্য, দারিদ্র্য ও ক্ষুধা, অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয়গুলো তুলে ধরেন। উন্নয়নের লক্ষ্যে আন্তর্জাতিক প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও দারিদ্র্য ও ক্ষুধা কেন অব্যাহত রয়েছে, সে প্রশ্নও তিনি উত্থাপন করেন।

এর ১৩ বছর পর ১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে ভাষণ দেন খালেদা জিয়া। জাতিসংঘের নথিতে তাঁর ওই বক্তব্যের রেকর্ড রয়েছে।

পরবর্তী সময়েও জাতিসংঘের বিভিন্ন অধিবেশন ও উচ্চপর্যায়ের কার্যক্রমে বক্তব্য দেন খালেদা জিয়া। ১৯৯৫ সালে জাতিসংঘের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ স্মারক সভায় তিনি বক্তব্য দেন। ২০০২ সালে শিশুবিষয়ক বিশেষ অধিবেশনেও বক্তব্য দেন। ২০০৫ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬০তম অধিবেশনের সাধারণ বিতর্কেও তাঁর বক্তব্যের রেকর্ড রয়েছে।

এবার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান। ২১ সেপ্টেম্বর ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশে তাঁর রওনা হওয়ার কথা রয়েছে। ২৪ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে তাঁর বক্তব্য দেওয়ার সূচি রয়েছে বলে বিভিন্ন কূটনৈতিক সূত্র জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর ভাষণে জলবায়ু পরিবর্তন, বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন অগ্রাধিকার, বৈশ্বিক শান্তি ও আন্তর্জাতিক সংকটের টেকসই সমাধানের মতো বিষয় গুরুত্ব পেতে পারে। পাশাপাশি রোহিঙ্গা সংকট, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক সম্ভাবনা ও জলবায়ু অর্থায়নের বিষয়ও আলোচনায় আসতে পারে।

এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য আরেকটি কারণে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, তিনি ২০২৬ সালের ২ জুন ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন।

জাতিসংঘের সূচি অনুযায়ী, ৮১তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এবারের অধিবেশনের প্রতিপাদ্য—‘Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All’।