নতুন হ্যারি পটার সিরিজের ট্রেলারে মুগ্ধ ভক্তরা

নতুন হ্যারি পটার সিরিজের ট্রেলারে মুগ্ধ ভক্তরা

নতুন ‘হ্যারি পটার’ সিরিজে হ্যারি, রন ও হারমায়োনি চরিত্রে নতুন তিন অভিনয়শিল্পী। ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে জনপ্রিয় ফ্যান্টাসি উপন্যাস সিরিজ ‘হ্যারি পটার’। জে কে রাউলিংয়ের কালজয়ী এই সৃষ্টির নতুন টিভি সিরিজ নিয়ে শুরু থেকেই ভক্তদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। গত মার্চে সিরিজটির প্রথম ঝলক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা দিয়েছিল মিশ্র প্রতিক্রিয়া ও নানা আলোচনা। তবে নতুন ট্রেলার প্রকাশের পর সেই চিত্র অনেকটাই বদলে গেছে।

প্রথম ঝলক প্রকাশের পর অনেক ভক্তের মনে হয়েছিল, হ্যারি পটারের সেই পুরোনো জাদুর আবেশ হয়তো নতুন সিরিজে পাওয়া যাবে না। কেউ কেউ আবার শৈশবের প্রিয় চরিত্র হ্যারি, রন ও হারমায়োনির ভূমিকায় ড্যানিয়েল র‌্যাডক্লিফ, রুপার্ট গ্রিন্ট ও এমা ওয়াটসনকেই দেখতে চেয়েছিলেন।

নতুন শিশুশিল্পীদের মধ্যে আগের সিনেমাগুলোর মতো ‘ম্যাজিক’ নেই—এমন মন্তব্যও করেছিলেন অনেকে। তবে ট্রেলার প্রকাশের পর বদলে গেছে সেই প্রতিক্রিয়া।

হগওয়ার্টস স্কুলের পরিচিত পরিবেশ এবং হ্যারি পটার, রন উইজলি ও হারমায়োনি গ্রেঞ্জার চরিত্রে নতুন তিন অভিনয়শিল্পীর উপস্থিতি দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে। পুরোনো মুখগুলোর জায়গা নতুনরা কতটা পূরণ করতে পারবেন, তা নিয়ে যে সংশয় ছিল, ট্রেলার প্রকাশের পর তা অনেকটাই কেটে গেছে।

বিশেষ করে নতুন হারমায়োনি গ্রেঞ্জারের চরিত্রায়ন দর্শকদের নজর কেড়েছে। নতুন হ্যারি, রন ও হারমায়োনিকে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা। একজন অনুরাগী মন্তব্য করেছেন, ‘মনে হচ্ছে যেন আবার বাড়ি ফিরলাম।’ আরেকজন লিখেছেন, ‘বড়দিনে আমার একমাত্র ইচ্ছা, এই নতুন সিরিজটি বারবার দেখা।’

জে কে রাউলিংয়ের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে নতুন এই টিভি সিরিজ। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, মূল বইয়ের গল্প ও চরিত্রগুলো সিনেমার তুলনায় আরও বিস্তৃতভাবে তুলে ধরা হবে। প্রতিটি বইকে আলাদা একটি সিজনের ভিত্তি হিসেবে ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।

সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের শেষ দিকে ছোট পর্দায় নতুন ‘হ্যারি পটার’ সিরিজের যাত্রা শুরু হওয়ার কথা। তাই নতুন জাদুর দুনিয়া কতটা পুরোনো আবেগ ফিরিয়ে দিতে পারে, সেটিই এখন দেখার অপেক্ষা।