টানা দুই হারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ জেরার্ড জোন্সকে অব্যাহতি

টানা দুই হারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ জেরার্ড জোন্সকে অব্যাহতি

টানা দুই হারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ জেরার্ড জোন্সকে অব্যাহতি

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে টানা দুই ম্যাচে হারের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্সকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জোন্সের সঙ্গে চুক্তি বাতিলের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেরার্ড জোন্সকে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি তার সঙ্গে সম্পাদিত চুক্তিও বাতিল করেছে বাফুফে।

জোন্সের বিদায়ের পর ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচে বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু।

বাছাইপর্বে বাংলাদেশের শুরুটা হয়েছে হতাশাজনকভাবে। প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে সিরিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে ‘ইয়াং টাইগার্স’রা। ফলে দুই ম্যাচ শেষে বাংলাদেশের ঝুলিতে কোনো পয়েন্ট নেই।

টানা দুই পরাজয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয়ে বিতর্কের জন্ম দেওয়ায় ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সকে নিয়ে সমালোচনাও তৈরি হয়েছিল। সবমিলিয়ে তার সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

এখন জোন্সের পরিবর্তে আতিকুর রহমান মিশুর অধীনে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।