ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০২

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০২

সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৯০২ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭১ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৩৬০ জনে।

সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে সর্বোচ্চ তিনজন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার। এছাড়া বরিশাল বিভাগে দুজন এবং চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।

একই সময়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৯০২ জনের মধ্যে বরিশাল বিভাগে ২১৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৭২ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৪০১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৩ জন, খুলনা বিভাগে ৩০৬ জন, ময়মনসিংহ বিভাগে ৯৮ জন, রাজশাহী বিভাগে ১০৫ জন, রংপুর বিভাগে ৬৬ জন এবং সিলেট বিভাগে ৯ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের শুরু থেকে ৫ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৮৮ হাজার ৩৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৮২ হাজার ৩৩৫ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৮৮ জন।

এদিকে, চলতি বছরের প্রথম নয় মাসের মধ্যে সেপ্টেম্বরেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঘটনা ছিল সবচেয়ে বেশি। ওই মাসে ৪৩ হাজার ৭৭৪ জন হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ১৪৮ জন।

ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় দেশের বিভিন্ন হাসপাতালেও রোগীর চাপ বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাবে, ৪ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৮৪৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন।