লক্ষ্যমাত্রা ছাড়িয়ে হাম-রুবেলার টিকা পেল প্রায় ২ কোটি শিশু

লক্ষ্যমাত্রা ছাড়িয়ে হাম-রুবেলার টিকা পেল প্রায় ২ কোটি শিশু

দেশজুড়ে চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি শিশুকে টিকার আওতায় আনা হয়েছে।

দেশজুড়ে চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচিতে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন শিশু হাম-রুবেলার টিকা পেয়েছে। যা নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি।

দেশে এখনো হামের প্রাদুর্ভাব থাকায় আগামী ২৬ সেপ্টেম্বর থেকে নতুন করে দেশব্যাপী ব্যাপক টিকাদান ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে সরকার। এর মূল লক্ষ্য, কোনো শিশু যেন টিকাদান কর্মসূচির আওতা থেকে বাদ না পড়ে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি বছরের মার্চের শেষ দিকে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিলে সরকার দ্রুত জরুরি টিকাদান কর্মসূচি শুরু করে। প্রথম দফায় ৫ এপ্রিল দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় এই কর্মসূচি চালু করা হয়।

এরপর দ্বিতীয় দফায় ১২ এপ্রিল ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, বরিশাল ও ময়মনসিংহ—এই চার সিটি করপোরেশন এলাকায় টিকাদান শুরু হয়। সর্বশেষ ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু করা হয়, যা এখনো চলমান।

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান কর্মসূচিতে প্রথমে সারা দেশে ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত টিকা পেয়েছে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন শিশু। ফলে লক্ষ্যমাত্রার বিপরীতে টিকাদানের হার দাঁড়িয়েছে ১০৯ দশমিক ৮ শতাংশে।

স্বাস্থ্য অধিদপ্তরের হাম-রুবেলা টিকার সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগে ১১ লাখ ১০ হাজার ৬৯৮ জন, চট্টগ্রামে ৪৮ লাখ ৪১ হাজার ৯২৪ জন, ঢাকায় ৪৯ লাখ ১৯ হাজার ৯১৩ জন, খুলনায় ১৬ লাখ ৯৫ হাজার ৭৭৯ জন, ময়মনসিংহে ১৫ লাখ ৩০ হাজার ৯১৬ জন, রাজশাহীতে ২২ লাখ ১৩ হাজার ১৯৭ জন, রংপুরে ২০ লাখ ৭৩ হাজার ৪৮৮ জন এবং সিলেটে ১৩ লাখ ৮৫ হাজার ৮০৫ জন শিশু টিকা পেয়েছে।

সিটি করপোরেশনগুলোর মধ্যে বরিশালে ৪৪ হাজার ১১৯ জন, চট্টগ্রামে ৩ লাখ ৩৬ হাজার ৮৭০ জন, কুমিল্লায় ৪৮ হাজার ৬৪৩ জন, ঢাকা উত্তরে ৫ লাখ ৫৭ হাজার ৬৮৮ জন, ঢাকা দক্ষিণে ৪ লাখ ১৮ হাজার ৯৭২ জন, গাজীপুরে ২ লাখ ৬ হাজার ৯২৭ জন, নারায়ণগঞ্জে ৮৩ হাজার ৬৯৭ জন, খুলনায় ৯৬ হাজার ৭৯২ জন, ময়মনসিংহে ৬২ হাজার ৩০৫ জন, রাজশাহীতে ৬৩ হাজার ৫৯ জন, রংপুরে ৮২ হাজার ২৫৩ জন এবং সিলেটে ৭২ হাজার ৩৪৯ জন শিশু হাম-রুবেলার টিকা নিয়েছে।

২৬ সেপ্টেম্বর থেকে নতুন ক্যাম্পেইন

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান বলেন, শিশুদের টিকাদান একটি চলমান প্রক্রিয়া। তবে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপকভাবে শিশুদের হামের টিকা দেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছে, এটি সরকারের বাড়তি তৎপরতার অংশ।

তিনি বলেন, ‘এই কর্মসূচির মূল লক্ষ্য, যাতে কোনো শিশু টিকা গ্রহণ থেকে বাদ না পড়ে।’