দ্বিতীয়বার মা হচ্ছেন মাহিরা খান

দ্বিতীয়বার মা হচ্ছেন মাহিরা খান

সংগৃহীত

সুখবর দিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন তিনি। সদ্য শুরু হওয়া টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের (টিআইএফএফ) এবারের আসরে উপস্থিত হয়ে সন্তান আগমনের খবর প্রকাশ্যে আনেন অভিনেত্রী।

আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবে প্রথমবার অংশ নিয়েই নজর কাড়েন মাহিরা। ঐতিহ্যবাহী শাড়ি পরে আলোকচিত্রীদের সামনে বেবি বাম্প প্রদর্শন করেন তিনি।

এর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাটারনিটি ফটোশুটের একাধিক ছবি প্রকাশ করেছেন ৪১ বছর বয়সী এই অভিনেত্রী। ছবিগুলোতে লম্বা ও ঢিলেঢালা সাদা ফুলহাতা গাউনে দেখা যায় তাকে।

ছবিগুলোর ক্যাপশনে মাহিরা লিখেছেন, ‘আমরা পরিকল্পনা করি, আর তারপর থাকে আল্লাহর পরিকল্পনা।’

সুখবরটি প্রকাশ্যে আসার পর ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন।

মাহিরার দ্বিতীয় সন্তান

২০২৩ সালের অক্টোবরে পাকিস্তানের ভুরবানে ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেন মাহিরা খান। বিয়ের প্রায় তিন বছর পর এই দম্পতির ঘরে সন্তান আসতে যাচ্ছে। তবে অভিনেত্রী হিসেবে এটি মাহিরার দ্বিতীয় সন্তান।

প্রথম স্বামী আলী আসকারির সঙ্গে সংসারে আজলান নামের ১৭ বছর বয়সী এক পুত্রসন্তান রয়েছে মাহিরার। ২০০৭ সালে আলী আসকারির সঙ্গে বিয়ের পর ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়।

‘রইস’ দিয়ে ভারতজুড়ে পরিচিতি

শাহরুখ খানের বিপরীতে ২০১৭ সালের ‘রইস’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ভারতজুড়ে ব্যাপক পরিচিতি পান মাহিরা খান। এরপর পাকিস্তানি বিনোদন অঙ্গনের অন্যতম জনপ্রিয় ও প্রশংসিত অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।

‘হামসাফার’, ‘সাদকায় তুমহারে’, ‘দ্য লিজেন্ড অব মাওলা জাট’ ও ‘সুপারস্টার’-এর মতো জনপ্রিয় সিনেমা ও টিভি নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন তিনি।