আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : শনিবার ১২ই সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
সংগৃহীত
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। দীর্ঘদিনের সিঙ্গেল স্ট্যাটাস ভেঙে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী—এমন খবর ছড়িয়ে পড়েছে টালিউডে।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ডিসেম্বরেই মিমি চক্রবর্তীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। বিয়ের আয়োজন পশ্চিমবঙ্গের পাহাড়ি শহর কালিম্পংয়ে হওয়ার সম্ভাবনার কথাও উঠে এসেছে কিছু প্রতিবেদনে।
প্রকাশিত খবর অনুযায়ী, মিমির কথিত হবু বরের নাম সিদ্ধার্থ। তিনি বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন; পেশায় ভারতীয় নৌবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা। কয়েক বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক রয়েছে বলেও ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছে। তবে সম্পর্কের বিষয়টি এতদিন প্রকাশ্যে আনেননি মিমি।
কিছু প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্ভাব্য বিয়েকে সামনে রেখে দুই পরিবারের পক্ষ থেকে প্রস্তুতিও শুরু হয়েছে। ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের মধ্যে আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া চলছে বলেও দাবি করা হয়েছে। তবে এসব তথ্যের কোনোটি এখনো মিমি চক্রবর্তী কিংবা তার কথিত হবু বর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।
মিমির ব্যক্তিগত জীবন নিয়ে এর আগেও একাধিকবার নানা গুঞ্জন ছড়িয়েছে। বিশেষ করে নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্ক একসময় টালিউডে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সেই সম্পর্কের অবসানের পরও অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময়ে নানা খবর সামনে এসেছে। তবে মিমি বরাবরই ব্যক্তিগত বিষয়কে আড়ালে রেখে নিজের পেশাগত জীবনকেই বেশি গুরুত্ব দিয়েছেন।
এদিকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন মিমি। একাধিক নতুন চলচ্চিত্রের কাজ রয়েছে তার হাতে। সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’সহ কয়েকটি সিনেমা নিয়ে বর্তমানে ব্যস্ত এই অভিনেত্রী।
ক্যারিয়ারের ব্যস্ততার মধ্যেই এবার তার বিয়ের খবর সামনে আসায় স্বাভাবিকভাবেই কৌতূহল বেড়েছে ভক্তদের মধ্যে। শেষ পর্যন্ত ডিসেম্বরেই মিমির বিয়ের আয়োজন হচ্ছে কি না, নাকি এটিও আগের মতোই গুঞ্জন হয়ে থেকে যাচ্ছে—তা জানতে অপেক্ষা করতে হবে অভিনেত্রীর আনুষ্ঠানিক বক্তব্যের জন্য।