আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : বৃহস্পতিবার ৩রা সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গর্ভপাত ঘটিয়ে ধামাচাপার চেষ্টা
চাঁদপুরের মতলব উত্তরে ১৬ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর গর্ভপাত ঘটিয়ে অর্থের বিনিময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মাছ ব্যবসায়ী পরিমল চন্দ্র ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন।
উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের তিতারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবারের দাবি, কয়েক মাস আগে পরিমল চন্দ্র কিশোরীকে নিজ ঘরে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। পরে বিষয়টি কাউকে না বলার জন্য তাকে ১০০ টাকা দিয়ে হুমকি দেওয়া হয়। সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে তার মা বিষয়টি জানতে চাইলে একপর্যায়ে কিশোরী পরিবারের কাছে পুরো ঘটনা খুলে বলে।
পরিবারের অভিযোগ, বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। এ সময় কিশোরীর গর্ভের সন্তান নষ্ট করার জন্য অভিযুক্ত পরিমল চন্দ্র তার বাবাকে ৪০ হাজার টাকা দেন। পরে কিশোরীকে ঢাকায় নিয়ে গিয়ে গর্ভপাত করানো হয় বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী কিশোরীর নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ভুক্তভোগীর বাবা একজন প্রতিবন্ধী। নৌকায় মানুষ পারাপার করে কোনোভাবে সংসার চালান তিনি। এক ছেলে ও দুই প্রতিবন্ধী মেয়েকে নিয়ে জরাজীর্ণ ঘরে বসবাস করেন। মেয়ের সঙ্গে এমন ঘটনায় অভিযুক্তের বিচার দাবি করেছেন তিনি।
ভুক্তভোগীর এক মামাতো ভাই বলেন, ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সুষ্ঠু সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ইউপি সদস্য রণজিৎ জানান, বিষয়টি তিনি আগে জানতেন না। বুধবার বিকেলে এ নিয়ে বসার কথা ছিল। এর আগেই সাংবাদিক ও পুলিশ ঘটনাস্থলে আসায় এখন আইনগতভাবেই বিষয়টি নিষ্পত্তি হবে।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত পরিমল চন্দ্র পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব জানান, সাংবাদিকদের কাছ থেকে বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।