আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
৪৩ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে ইয়াবা নিয়ে যাওয়ার পথে ৪৩ হাজার ৭৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এ সময় তাদের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন—কক্সবাজারের উখিয়া থানার মহুরিপাড়া এলাকার ফাইজুল হকের ছেলে শফি আলম (৩৬) এবং কক্সবাজার সদর উপজেলার নয়াপাড়া এলাকার মৃত আবদুল মজিদের ছেলে আবদুর রহিম (৪৭)।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকজন মাদক কারবারি সিএনজি অটোরিকশায় করে ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছে। পরে কালাবিবির দিঘির মোড়ে অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশা আটক করা হয়।
এ সময় অটোরিকশায় থাকা দুই যাত্রীকে তল্লাশি করে ৪৩ হাজার ৭৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র্যাবের হিসাবে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা।
গ্রেপ্তার দুজনকে উদ্ধার করা ইয়াবাসহ আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েত চৌধুরী জানান, মামলার পর গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।