দৌলতপুর থানার কাছে দিনেদুপুরে গুলি করে যুবককে হত্যা

দৌলতপুর থানার কাছে দিনেদুপুরে গুলি করে যুবককে হত্যা

দৌলতপুর থানার কাছে দিনেদুপুরে গুলি করে যুবককে হত্যা

খুলনা নগরীর দৌলতপুর থানার কাছে দিনেদুপুরে জলিল মুন্সি (৩৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে করে আসা তিনজন গুলি করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের ধাওয়া করলেও আটক করতে পারেনি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মহানগরীর দৌলতপুর থানাধীন কুলিবাগান মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি দৌলতপুর থানা থেকে আনুমানিক ২০০ থেকে ৩০০ মিটার দূরে।

নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার দিল মুন্সির ছেলে। তিনি নগরীর ইস্পাহানী জুট প্রেসের শ্রমিক ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে করে তিন ব্যক্তি কুলিবাগান মোড়ে এসে জলিল মুন্সিকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়েন। এতে তার বুক ও পিঠে গুলি লাগে। গুলির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

এ সময় পুলিশের একটি টহল দল তাদের ধাওয়া করলেও আটক করতে পারেনি। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ জলিল মুন্সিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, “মোটরসাইকেলে করে আসা তিনজন জলিল মুন্সিকে লক্ষ্য করে পরপর দুটি গুলি করে। পুলিশের টহল টিম তাদের ধাওয়া করলেও তারা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় জলিলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।