আনন্দ বাংলা
আনন্দ বাংলা
আপডেট : বুধবার ৯ই সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুহুল কবির রিজভী।
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়ী করে এর নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, যারা নারীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়, তারা সম্পূর্ণ কাপুরুষ।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, নারীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভেনিসে বাঁধনের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা একটি ঘৃণ্য অপরাধ।
রিজভী আরও বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে যেসব পরিবারের নারী নেতাকর্মীরা সক্রিয় ছিলেন, তারা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। তবে নানা প্রতিকূলতা ও সংকটের মধ্যেও প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহসিকতা ও দেশপ্রেমের পরিচয় দিয়ে দলকে সুসংগঠিত রেখেছেন এবং সঠিক নেতৃত্ব দিচ্ছেন।
দেশের বর্তমান অর্থনৈতিক ও জ্বালানি পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, তেল ও গ্যাস সরবরাহে সাময়িক জটিলতা তৈরি হওয়া একটি বৈশ্বিক সংকট। এই সংকট মোকাবিলায় গ্যাস আমদানিসহ বিভিন্ন কৌশল নেওয়া হচ্ছে।
বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাবে দেশের সরবরাহ ব্যবস্থায় কিছুটা চাপ তৈরি হলেও তা নিরসনে সরকার বিকল্প বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি। জনগণের দুঃখ-কষ্ট লাঘব এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিএনপি সরকার নিরলসভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন রিজভী।
একই সঙ্গে গণপরিবহন পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের জীবনযাত্রা সহনীয় পর্যায়ে রাখতে সরকার কার্যকর ভূমিকা রাখছে বলে দাবি করেন তিনি।
নারীর ক্ষমতায়ন ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপি চিরকালই নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। খালেদা জিয়ার সরকারের সময় মেয়েদের উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হয়েছিল।
বর্তমান সরকার মেয়েদের শিক্ষা বিয়ে বা স্নাতক পর্যন্ত অবৈতনিক করার বিষয়টি বিবেচনা করছে বলেও জানান তিনি।
এ ছাড়া ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে পরিবারের আর্থিক ও সামাজিক ক্ষমতা নারীদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন রিজভী।
এ সময় জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।